আইসিটি বিভাগের বার্ষিক উন্নয়নে আর্থিক অগ্রগতি ৭৩ শতাংশ

২৪ মে, ২০২১ ১৬:১১  
চলতি অর্থবছরে আইসিটি বিভাগের অধীন কারিগরিসহ মোট ২৮টি প্রকল্পের জন্য এডিপিতে বরাদ্দ দেয়া হয় ৬৯৫ দশমিক ১০ কোটি টাকা। এর মধ্যে মে পর্যন্ত প্রকল্প উন্নয়নের আর্থিক অগ্রগতি হয়েছে ৭২.৬৬ শতাংশ। ২৪ মে, সোমবার নিজস্ব ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম বৈঠকে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এ তথ্য উপস্থাপন করা হয়। গত মাস, এপ্রিলে এই অগ্রগতির হার ছিলো ৬৬.৬২ শতাংশ। অর্থাৎ একমাসে অগ্রগতি হয়েছে ৬ দশমিক ৪ শতাংশ। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভায় ৩ মে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন প্রকল্পের মাসিক পর্যালোচনা সভার কার্যবিবরণী দৃঢ়করণ, সভায় সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, প্রকল্পগুলোর মাস-ভিত্তিক বাস্তব এবং আর্থিক লক্ষ্যমাত্রা ও অর্জন, জনবল নিয়োগ সংক্রান্ত অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।